বিমান বহর শক্তিশালী করতে ১৪টি বোয়িং কিনছে সরকার, টোকিও রুট চালু হচ্ছে জুনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ পিএম
বিমান বহর শক্তিশালী করতে ১৪টি বোয়িং কিনছে সরকার, টোকিও রুট চালু হচ্ছে জুনে

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিক ও সম্প্রসারণ করতে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্বল্পমেয়াদে লিজের মাধ্যমে আরও উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও চলছে। চলতি মাসের ৩০ এপ্রিলের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বিমানকে লাভজনক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “আমরা বোয়িং ১৪টা কিনব। সেই কেনার চুক্তির খসড়া আগের সরকারের সময়েই তৈরি হয়েছিল, এখন চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ এপ্রিলের মধ্যে হবে।”

বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুটে সেবা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর আগামী জুন মাস থেকে আবারও চালু হচ্ছে ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট। পূর্বে চালু থাকা নারিতা রুটটি বিভিন্ন সময় বন্ধ হয়ে গেলেও এবার সেটি পুনরায় চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, রুটটি বন্ধ করার যে কারণ ছিল তা এখন আর বিদ্যমান নেই। তিনি বলেন, “ঢাকা টোকিও রুট লাভজনক ছিল, তাই জুন থেকেই এটি আবার চালু করা হবে এবং ভবিষ্যতে চাহিদা অনুযায়ী ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।”

বিমানের সক্ষমতা বাড়াতে শুধু কেনাই নয়, লিজ ব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। লক্ষ্য হলো, ভবিষ্যতে বোয়িং ও এয়ারবাস উভয় মিলে একটি মিশ্র বহর গঠন করা।

এদিকে হজ ব্যবস্থাপনা নিয়েও অগ্রগতির কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হজ ফ্লাইট সুশৃঙ্খলভাবে চলছে এবং আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।

বিমান খাত বিশ্লেষকদের মতে, বহর সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে প্রতিযোগিতা ও সক্ষমতা দুটোই বাড়বে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে