নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের নির্দেশনায় সেনবাগ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সেনবাগ উপজেলায় বিদ্যমান একাধিক প্রেসক্লাব একীভূত করে প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সংগঠন গঠনের প্রস্তাব আহ্বান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন, “রিপোর্টার এবং মিডিয়া কর্মী ভাইয়েরা আপনারা নিজেদের স্বার্থে এবং সেনবাগের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যারা বিভিন্ন স্বীকৃত ও ভালো সার্কুলেশনের পত্রিকা বা মিডিয়ায় কর্মরত, সাংবাদিকগণ বিভিন্ন প্রেসক্লাবে বিভক্ত। তাই সকল সাংবাদিকদের একীভূত হতে আহবান জানান। এসময় তিনি সাংবাদিকদের সদস্য তালিকা তার নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে আপনারা সবাই মিলে একটি প্রেসক্লাব গঠনে এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “সেনবাগ উপজেলার মাননীয় এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক। তার নির্দেশনায় মূলত এই সভার আহ্বান করা হয়েছে। আমরা আশা করছি, আপনাদের সহযোগিতায় অচিরেই একটি কার্যকর প্রেসক্লাব গঠন সম্ভব হবে। ” সভায় সেনবাগ প্রেস ক্লাব ও সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী বলেন "সেনবাগ প্রেস ক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক যে কেউ জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি হলে সদস্য হতে পারে। প্রতিষ্ঠানটির জন্ম লগ্ন থেকে প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কর্মরত প্রকৃত সাংবাদিকদের নিয়ে সংগঠন টি পরিচালিত হয়ে আসছে। সরকারি নিবন্ধিত জাতীয় যে কোন দৈনিক পত্রিকা বা টেলিভিশনের সাংবাদিকরা সেনবাগ প্রেসক্লাবের সদস্য হতে পারে। নামে বেনামে ফেসবুক সাংবাদিক হলে আমরা কখনো সদস্য করবো না।" এ সময় সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন,এম এ আউযাল, মো: হারুন,আমির হোসেন,লিটন,হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, নাসির উদ্দীন, ফখর উদ্দিন মোবারক শাহ রিপন,:সফিকুজ্জামান সীমু, ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।