টঙ্গীতে দুটি কিশোরগ্যাং গ্রুপের ককটেল বিস্ফোরণ, ফাঁকাগুলি

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম
টঙ্গীতে দুটি কিশোরগ্যাং গ্রুপের ককটেল বিস্ফোরণ, ফাঁকাগুলি
গাজীপুরের টঙ্গীতে এলাকায় আধিপত্য বিস্তার, কিশোরগ্যাং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি কিশোরগ্যাং আরিফুল ইসলাম বাপ্পিগ্রুপ ও সবুজ ওরফে ভাদাইম্মা সবুজগ্রুপের সদস্যদের মধ্যে বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত টঙ্গী পূর্ব আরিচপুর বৌবাজার এলাকায়। এঘটনায় আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পূর্ব আরিচপুর এলাকার বৌবাজার, রূপবানের টেক, টঙ্গী রেলব্রীজ, রেললাইন, জোড়া তারখাম্বা, নদীবন্দর, মিরাশপাড়া এলাকায় মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোরগ্যাং নেতা আরিফুল ইসলাম রাপ্পি ওরফে পিস্তল বাপ্পি ও সবুজ ওরফে ভাদাইম্মা সবুজের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরধরে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাপ্পিগ্রুপের বাপ্পি, বাবুল, শাহাদাত, বাবু, শাহাবুদ্দিন ও রিপন এবং ভাদাইম্মা সবুজগ্রুপের সবুজ, টেকনাফ, জসিম, শিশিরসহ উভয়গ্রুপের ৪০-৫০জন কিশোরগ্যাং সদস্য আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, সামুরাই, হকিষ্টিক, এসএস পাইপ, লোহার রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়গ্রুপের সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও প্রায় ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। এলাকাবাসী আরও জানায়, বাপ্পিগ্রুপ এবং ভাদাইম্মা সবুজগ্রুপের সদস্যরা এতোটাই ভয়ংকর এবং বিপদজনক তাদের ভয়ে এলাকায় কেউ টু-শব্দটি পর্যন্ত করতে চায়।তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে অভিযোগকারিকে ধরে নিয়ে নির্মম অত্যাচার করে। তাদের বিরুদ্ধে এলাকায় কিশোরগ্যাং কালচার লালন, হত্যা, মাদক ব্যবসা, যাকে তাকে ধরে নিয়ে অত্যাচারসহ এহেন অপকর্ম নেই যা তারা করছে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। ইতিপূর্বে চিহ্নিত কিশোরগ্যাং নেতা বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি এবং তার তিনসহযোগি বিদেশি পিস্তল ও মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে