নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পরিল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের লাঠি-ফালা দিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারিল গ্রামের একটি জায়গা দখল নিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় নেতৃবৃন্দের নিষেধাজ্ঞা সত্বেও আবুল কালাম গ্রুপের লোকজন ওই জায়গায় বাশ ও টিন দিয়ে ছাপড়া ঘর নির্মাণ করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের একজন নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে দু’পক্ষের আহতরা হল-হাসি খাতুন (২৬), ইসলাম (২৪), আল আমিন (২৫), মুর্শিদুল (৩২), মহসিন (৩০), নাফিজুল (২৭), ইমন (২৩), মিলন (১৮), সিরাজুল (৫৫), ফরহাদ (৪৮), আইনাল (৪৫), আসাদ (৩৮), রুবেল (৩৫), ফরহাদ (৪১), হাফিজ (৩৪), সাকিল (৪০), মাহফুজুল (৩৪), রাব্বানী (৩৬), রহিদুল (৩৮), রুবেল (৪২)। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ একটি জায়গায় এক পক্ষ ধান কাটা শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করতে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।