রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজারে অগ্নি নিয়ন্ত্রণের জন্য ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করা হয়। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি এর উপস্থিতিতে ঘাগড়া বাজার এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন (চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ), শাস্তি মনি চাকমা (সভাপতি, ঘাগড়া বাজার কমিটি), জিসু মনি চাকমা (সেক্রেটারি, ঘাগড়া বাজার কমিটি), রাসেল মিয়া (সেক্রেটারি, ঘাগড়া বাজার সিএনজি সমিতি)। এছাড়াও অকটারি, মন্দির, কিয়াং ঘর, টেক্সটাইল এবং ফরেস্ট পোস্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতি জোরদার রাখতে রাঙ্গামাটি রিজিয়নে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশ্বাস প্রদান করেন।