জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ পিএম
জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দীর্ঘদিন পর পাঁচ দিনব্যাপি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হতে যাচ্ছে কবির বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আগামী একুশ মে থেকে শুরু হবে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান।  ২৫ মে অনুষ্ঠিতব্য ওই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ত্রিশাল আগমন ও নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে ২৫ এপ্রিল শনিবার সকালে এক প্রস্তুত্তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী ৫ দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। এটি ত্রিশাল তথা ময়মনসিংহ বিভাগবাসীর জন্য বিশেষ সম্মান ও গৌরবের। দেশ বরেন্য নজরুল গবেষক, কবি, সাহিত্যিক, লেখক ও নজরুল সংগীতের শিল্পীরা থাকবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পরিচালক (ডিজিএফআই) জুলফিকার আহমেদ, যুগ্নপরিচালক (এনএসআই) ড. সুলতানা কানিজ আয়শা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (র‌্যাব) সামসুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, উপজেলা  বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে