কৃষ্ণচূড়ার লাল ফুলে রঙিন শ্রীমঙ্গলের প্রকৃতি

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ পিএম
কৃষ্ণচূড়ার লাল ফুলে রঙিন শ্রীমঙ্গলের প্রকৃতি

গ্রীষ্মের প্রখর রোদ আর উষ্ণতার মাঝেও যেন আগুনরঙা এক শীতলতার পরশ ছড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া। প্রকৃতির নিজস্ব তুলিতে আঁকা এই রঙিন আবহে এখন সেজে উঠেছে শ্রীমঙ্গল। শহরের অলিগলি, সড়কের দুই পাশ, চা-বাগানের ভেতর-দৃষ্টিনন্দন লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ। পৃথিবীর অন্যতম সুন্দর গ্রীষ্মমন্ডলীয় বৃক্ষ হিসেবে পরিচিত কৃষ্ণচূড়া (ইংরেজি: ঋষধসব ঞৎবব, বৈজ্ঞানিক নাম: উবষড়হরী ৎবমরধ) তার উজ্জ্বল লাল ফুলের জন্য বিশেষভাবে খ্যাত। ফ্যাবেসি পরিবারভুক্ত এই বৃক্ষটি বাংলাদেশসহ ভারত, আফ্রিকা, চীন, হংকং, তাইওয়ান, ফ্লোরিডা ও ক্যারিবিয়ান অঞ্চলেও দেখা যায়। তবে শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশে এর সৌন্দর্য যেন নতুন মাত্রা পেয়েছে। গতকাল সরজমিন ঘুরে দেখা যায়, পৌরসভা ক্যাম্পাস, পৌর সুপার মার্কেট, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়, ভানুগাছ রোড বাসস্ট্যান্ড, গুহ রোড এলাকায় ফুটেছে রক্তরাঙা কৃষ্ণচূড়া। দূর থেকে মনে হয় যেন লাল আগুনের শিখা জ্বলছে গাছের ডালে ডালে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পথচারী, পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা। অনেকেই থেমে গিয়ে ক্যামেরাবন্দি করছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য। শুধু এসব স্থানই নয়,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চা-বাগান এলাকায়ও কৃষ্ণচূড়ার লাল ফুলে সৃষ্টি হয়েছে এক অনন্য নান্দনিক পরিবেশ। গাছভর্তি রক্তিম ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে উৎসবের আবহে। প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মের শুরুতেই কৃষ্ণচূড়া তার আপন মহিমায় পস্ফুটিত হয়ে শ্রীমঙ্গলের প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। প্রখর রোদের মাঝেও এই ফুল এনে দিচ্ছে এক প্রশান্তির অনুভূতি, যা মুহূর্তেই মুগ্ধ করে দেয় যে কাউকে। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, ‘বিদ্যালয়ের চারপাশে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো এখন লাল ফুলে ভরে গেছে। শিক্ষার্থীরা প্রতিদিন এই মনোরম দৃশ্য উপভোগ করছে, যা তাদের মনে এক ভিন্ন আনন্দ জাগায়।  গ্রীষ্মের এই দহনকালে কৃষ্ণচূড়ার রক্তিম রঙ যেন প্রকৃতির এক নান্দনিক কথা-যা বলে দেয়, সৌন্দর্য কখনো থেমে থাকে না। শ্রীমঙ্গলের বুকে তাই এখন কৃষ্ণচূড়ার লাল আভায় রচিত হচ্ছে এক অনন্য রূপকথা।

আপনার জেলার সংবাদ পড়তে