নাটোরের লালপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লালপুর থানার এসআই মোঃ গোলাম মোর্শেদ, এএসআই শাহ আলম ও এএসআই মোঃ নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সেলিম রেজা (৪৫)-কে তার উত্তর দুয়ারী টিনসেড বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক সেলিম রেজার পিতা মৃত আবু তালেব। তার স্থায়ী ঠিকানা পাবনা সদর উপজেলার বারইপাড়া গ্রাম হলেও বর্তমানে তিনি লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম দক্ষিণপাড়ায় বসবাস করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবকর (২৭ এপ্রিল ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।