সুজানগরে চিনাবাদামের বাম্পার ফলনের সম্ভাবনা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:১২ পিএম
সুজানগরে চিনাবাদামের বাম্পার ফলনের সম্ভাবনা

পাবনার সুজানগরের চরাঞ্চলে এ বছর চিনাবাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৩‘শ ৮০হেক্টর জমিতে চিনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে বাদামের মাঠ ফুলে-ফলে ভরে গেছে। আর কিছুদিনের মধ্যেই আগাম আবাদ করা জমির বাদাম উঠানো শুরু হবে। উপজেলার মাছপাড়া গ্রামের বাদাম চাষী বন্দের আলী মোল্লা বলেন এ বছরের আবহাওয়া বাদাম চাষের অত্যন্ত অনুকূলে ছিল। তাছাড়া এলাকার বাদাম চাষীরা উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে বাদাম ক্ষেতে সঠিক সময়ে সার-বিষ প্রয়োগ করেছেন। ফলে উপজেলার সর্বত্র বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের বাদাম চাষী নুরুল ইসলাম বলেন এ বছর প্রতিবিঘা জমিতে বাদাম আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ১৪/১৫ হাজার টাকা। আর প্রতিবিঘা জমিতে বাদাম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে ৭থেকে ৮মণ। বর্তমানে হাট-বাজারে বাদামের দামও বেশ ভাল। প্রতিমণ বাদাম ৫হাজার থেকে ৬হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ হিসাবে প্রতিবিঘা জমিতে উৎপাদিত বাদামের মূল্য উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি। ফলে বাদাম চাষীরা বর্তমান এ বাজারে বেশ খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন হাট-বাজারে বাদামের বাজার ভাল হওয়ায় সুজানগরের চরাঞ্চলের চাষীরা বাদাম চাষে ঝুঁকছেন।

আপনার জেলার সংবাদ পড়তে