নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে সদর ইউনিয়নের জোয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও বালিকা বিভাগে সদর ইউনিয়নের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে হাতুড় ইউনিয়নের গাহলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও বালিকা বিভাগে চাঁন্দাশ ইউনিয়নের গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্স আপ হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ পুরস্কার বিতরণ করেন। এরআগে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক বিভাগে জোয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল গাহলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের বিপক্ষে ৪-১ গোলে এবং বালিকা বিভাগে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের বিপক্ষে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে।
বালক বিভাগে জোয়ানপুর দলের সাধন ও শালগ্রাম দলের রাখি সেরা খেলোয়ার এবং বালক বিভাগে জোয়ানপুর দলের সুব্রত উড়াও (৬) ও বালিকা বিভাগে গঙ্গারামপুর দলের আনিছা (৪) সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেয়।
এরআগে উপজেলার ১০টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়ন থেকে চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টে অংশ নেয়।
খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল বারেক, রেফারি তানভির আহমেদ, রেফারি রেজাউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী রওশন জাহান প্রমুখ।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাইম বিনতে আজিজ, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা সেকেন্দার আলী, মিরাজুল ইসলাম, বিএনপি নেতা ও হাতুড় ইউপি চেয়ারমান এনামুল হক, খাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।