কালায়ে আধুনিক পদ্ধতিতে আলু চাষ ও ফলন বৃদ্ধিতে কর্মশালা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম
কালায়ে আধুনিক পদ্ধতিতে আলু চাষ ও ফলন বৃদ্ধিতে কর্মশালা

 ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলু চাষের আধুনিক কলাকৌশল ও অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) তারিখ ১০ ঘটিকায় এ কর্মশালায় স্থানীয় কৃষকদের আলু চাষের আধুনিক প্রযুক্তি ও রোগবালাই দমনে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের বগুড়া রিজিওনাল সেলস্ ম্যানেজার মানিক রাহা। জয়পুরহাট জেলার টেরিটোরি সেলস অফিসার  আসাদুজ্জামান খান- এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজিত হয়। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এর ডিলার মো. জহুরুল ইসলাম মুকুল।

কালাই থানার মাত্রাই বাজারে আয়োজিত কর্মশালায় বক্তারা গুণগত মানসম্পন্ন আলু উৎপাদন ও ফলন বৃদ্ধিতে ব্র্যাকের বীজ আলুর গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্বে বীজ রোপণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার এবং সেচ প্রয়োগের সময়সূচী মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলুর মড়ক বা ‘লেইট ব্লাইট’ রোগসহ রাইজোকটোনিয়া, স্ক্যাব ও কাণ্ডপচা রোগের আধুনিক প্রতিকার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে জাব পোকা (এফিড) দমনের রাসায়নিক ও ম্যানুয়াল পদ্ধতিগুলো কৃষকদের হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ বলেন, “শুধু চাষ করলেই হবে না, ফসল সংগ্রহের আগের ও পরের ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি।” তিনি কৃষকদের হাল্মপুলিং পদ্ধতি, সঠিক সময়ে সেচ বন্ধ করা এবং আলু সংরক্ষণের আগে ফিল্ড কিউরিং ও গ্রেডিং করার সময় সতর্ক থাকার আহ্বান জানান।

আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক সিড জানায়, দেশব্যাপী কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে আলু চাষে ঝুঁকি কমবে এবং টিস্যু কালচার পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে