নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও এর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, প্রযুক্তিগত উন্নয়নের দিকে এগোতে হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমে জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করে তা জাতীয় উন্নয়নে কাজে লাগাতে পারলে বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি একটি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। একটি দেশের প্রকৃত উন্নয়ন নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন সূচকের মধ্যে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার অন্যতম গুরুত্বপূর্ণ। যেসব দেশ শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে উন্নত, সেসব দেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার তুলনামূলক বেশি থাকে।
বুধবার (২৯ এপ্রিল) ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং এ গ্রিন ট্রানজিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুয়েটের সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) এবং রুয়েট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস-এর পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮টি দল নবায়নযোগ্য জ্বালানি বা গ্রিন এনার্জির ব্যবহার নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এতে এভার ফ্রেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপচয়-জিরো দল ফার্স্ট রানারআপ এবং গ্রিনারি গ্রিড দল সেকেন্ড রানারআপ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো. মেহেদি হাসান শামিমসহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।