জেলায় ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২৯ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসের র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, ট্রাক- ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক কাজী শিক্ষার্থী জাহিদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শাহ জামাল গাজী,শিক্ষার্থী সোহাগ,চাঁসক বাসচালক আজিজ ঢালী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এটি একটি নীরব ঘাতক, যা শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ সৃষ্টি করে। অপ্রয়োজনে হর্ন না বাজানো, উচ্চ শব্দে মাইক/সাউন্ডবক্স ব্যবহার না করা এবং আবাসিক এলাকায় নীরবতা বজায় রাখতে হবে। সচেতনতা বৃদ্ধিতে সরকারি আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
অন্য বক্তারা বলেন, শব্দদূষণ রোধে সবাইকে আরো সচেতন হতে হবে। শব্দ দূষণের আইনি নীতিমালা মেনে চলতে হবে। পরিবহন, মাইকিং সহ সকল সেক্টরে এ আইনি নীতিমালা প্রয়োগের উপর তারা গুরুত্বারোপ করেন।