আশাশুনিতে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে আশাশুনি সদর, শ্রীউলা, বুধহাটা, ও শোভনালী ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার এবং বাজার কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করে আলোচনা রাখেন রূপান্তরের সিনিয়ার অফিসার শহীদ হাসান নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, "রূপান্তরের এই কর্মশালাটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে, কারণ এখানে গ্রাম পুলিশদের সম্পৃক্ত করা হয়েছে। যারা সরাসরি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করছেন।" অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়। উল্লেখ্যে দুইদিনব্যাপী কর্মশালার প্রথম দিন বুধবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করা হয়।