জামিন মঞ্জুরে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক-এর নেতৃবৃন্দের উদ্বেগ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:২২ পিএম
জামিন মঞ্জুরে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক-এর নেতৃবৃন্দের উদ্বেগ প্রকাশ

গৃহকর্মীর ওপর নৃশংস ও অমানবিক আচরণ এবং নির্যাতনের ঘটনায় অভিযুক্ত উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের জামিন মঞ্জুর হওয়ায় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, সদস্য সচিব নাজমা ইয়াসমীন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ জোর দিয়ে বলেন, বিষয়টি তাদের ব্যথিত করেছে কারণ সমাজের সবচেয়ে অসহায় ও সুরক্ষাহীন এই গৃহকর্মীদের ওপর এ ধরনের নির্যাতনের বিপরীতে এই জামিন প্রদান সমাজে নেতিবাচক বার্তা প্রদানের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করতে পারে। এতে অপরাধীদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতি জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভুক্তভোগীদের জন্য এটি উদ্বেগজনক বলে তারা আশংকা প্রকাশ করেন। তারা আরও বলেন, শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি। ভুক্তভোগীর নিরাপত্তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে