কিশোরগঞ্জে

লিগ্যাল এইড মেলায় গ্রাম আদালতের সেবা বিষয়ে প্রচারণা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ পিএম
লিগ্যাল এইড মেলায় গ্রাম আদালতের সেবা বিষয়ে প্রচারণা

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড মেলায় গ্রাম আদালতের সেবা বিষয়ে ব্যাপক প্রচারণা ও কার্যক্রম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জেলা লিগ্যাল এইড অফিস, কিশোরগঞ্জের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সকাল ৮.৩০ মি. কিশোরগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে বিচার বিভাগের ঊর্ধ্বতন বিচারক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের উদ্যোগে একটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। স্টলটির মাধ্যমে গ্রাম আদালতের সেবা, কার্যপ্রণালি ও সুবিধা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী সহজে ও দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছে। লিগ্যাল এইড মেলায় আইনজীবী, বিচারপ্রার্থী এবং সর্বমোট প্রায় ২ হাজার মানুষের মাঝে গ্রাম আদালত বিষয়ক লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ করা হয়। স্টলে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেলায় আগত বিচারকবৃন্দ গ্রাম আদালতের কার্যকারিতা ও উচ্চ আদালতের মামলার জট কমাতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় করার আহ্বান জানান। এছাড়া, বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) তাদের আইনগত সহায়তা কার্যক্রম ও গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদর্শন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আপনার জেলার সংবাদ পড়তে