রাজশাহীতে অভিযান চালিয়ে ১৮ বছর ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. বেলাল (৪৫)। বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার রাতে নগরীর পদ্মা আবাসিক লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর মান্দা থানার একটি নাশকতা মামলার আসামি বেলাল। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই নাশকতা মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।