জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। যেসব কোর্স পড়লে দেশের বাইরে চাকরি পাওয়া যায় সেগুলোকে অনার্সের পাঠসূচীতে অন্তর্ভুক্ত করা হবে।শিক্ষকদের গবেষণা ভাতা দেয়া হবে। তিন হাজার শিক্ষার্থীকে দেয়া হবে জুলাই স্মৃতি পুরষ্কার। প্রধানমন্ত্রীর হাত থেকে শিক্ষার্থীরা পুরষ্কার নেবেন। শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এসব কথা বলেন। এর আগে ময়মনসিংহ নগরীর বাড়েরা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে অধিভুক্ত কলেজগুলোর ফি আদায় ও সার্টিফিকেট প্রদান, খাতা বন্টনসহ শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম,আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মোঃ আমিনুল আক্তার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী, আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাকির হোসেন প্রমুখ। ময়মনসিংহ জেলা ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউট ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের সবধরণের কাজ সম্পন্ন করতে পারবে।