বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (পহেলা মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান মোল্লাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
অভিযোগের তীর উঠেছে তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরের বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে তাকে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয়।
গ্রামবাসীরা জানান, নিহতের নাক, মুখমন্ডল ও ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।
শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে নলশ্রী গ্রামে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
পাশাপাশি এ ঘটনায় মৃত হাবিবুর রহমানের স্ত্রী ও ছেলেকে জিঙ্গাসাবাদের জন্য আটক এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তার স্ত্রী ও ছেলেকে থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।