শেষ ওভারে হুনাইনের জাদু, নাটকীয় জয়ে ফাইনালে হায়দরাবাদ কিংসম্যান

এফএনএস | প্রকাশ: ২ মে, ২০২৬, ১২:১২ পিএম
শেষ ওভারে হুনাইনের জাদু, নাটকীয় জয়ে ফাইনালে হায়দরাবাদ কিংসম্যান

পাকিস্তান সুপার লিগে রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ ওভারের দারুণ বোলিংয়ে হায়দরাবাদ কিংসম্যানকে ফাইনালে তুলেছেন তরুণ পেসার হুনাইন শাহ । শুক্রবার (১ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় তারা।

ইএসপিএনক্রিকইনফো জানায়, জয়ের জন্য শেষ ওভারে ইসলামাবাদের দরকার ছিল মাত্র ৬ রান। আগের ওভারে ২২ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। কিন্তু শেষ ওভারে বল হাতে এসে হুনাইন মাত্র ৩ রান দেন এবং একটি উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

ওই ওভারের শুরুতেই একটি ডট বল দেন হুনাইন। এরপর টানা নিখুঁত ইয়র্কারে চাপে ফেলেন ব্যাটারদের। তৃতীয় ইয়র্কারে ফাহিম আশরাফ আউট হয়ে গেলে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ বলে ৪ রান দরকার থাকলেও একটি লেগ বাইয়ের বেশি নিতে পারেনি ইসলামাবাদ।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কিংসম্যানদের। ১১ দশমিক ৪ ওভারে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন উসমান খান ও কুসাল পেরেরা। দুজন মিলে ৫০ বলে ১০১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

উসমান ৩০ বলে অপরাজিত ৬১ রান করেন, অন্যদিকে পেরেরা করেন ২১ বলে ৩৭। এর আগে সাইম আইয়ুব ২৭ বলে ৩৮ রান করে ইনিংস গড়ার ভিত্তি তৈরি করেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইসলামাবাদ। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারায় তারা। তবে এরপর মার্ক চ্যাপম্যান, হায়দার আলি ও ক্রিস গ্রিনের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরে দলটি।

চ্যাপম্যান ২৬ বলে ৪৩, হায়দার ১৬ বলে ৩১ এবং গ্রিন ৯ বলে অপরাজিত ২১ রান করে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসি হাসে হায়দরাবাদই।

দলের এই জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ টুর্নামেন্টের শুরুতে টানা চার ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতে জয় তুলে নিয়ে এখন শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে দলটি।

ফাইনালে রোববার (৩ মে) তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

আপনার জেলার সংবাদ পড়তে