আইপিএল ২০২৬ শুরু হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো মাঠে নামেননি এমএস ধোনি। শুধু তাই নয়, ম্যাচের দিন দল স্টেডিয়ামে গেলেও তিনি সেখানে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল বাড়লেও এবার এর পেছনের আসল কারণ জানাল চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ।
হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার (১ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানান, ধোনি ইচ্ছা করেই ম্যাচের দিন নিজেকে দূরে রাখছেন। তার মতে, ধোনির উপস্থিতি দলের জন্য বাড়তি চাপ বা বিভ্রান্তি তৈরি করতে পারে।
হাসি বলেন, “সে পুরোপুরি দলমুখী একজন মানুষ। সবসময় দলের ভালোটাই চায়। সে চিন্তা করেছে, যদি স্টেডিয়ামে যায়, তাহলে ক্যামেরা সব সময় তার ওপর থাকবে, দর্শকরা তাকে ঘিরেই উত্তেজিত হবে। এতে দলের অন্য খেলোয়াড়দের মনোযোগে প্রভাব পড়তে পারে।”
তিনি আরও বলেন, “ধোনি চেয়েছে দল যেন নিজেদের কাজটা স্বাভাবিকভাবে করতে পারে। তাই ম্যাচের দিন সে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
তবে মাঠে না থাকলেও দলের বাইরে নেই ধোনি। কোচিং স্টাফ জানিয়েছে, তিনি নিয়মিত অনুশীলনে যোগ দিচ্ছেন এবং তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করছেন। এমনকি বাসা থেকে ম্যাচও খুব কাছ থেকে দেখছেন।
হাসি বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাকে ড্রেসিংরুমে পেতে পছন্দ করি। তার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দলকে অনেক সাহায্য করে। সে সব সময় অনুশীলনে থাকে এবং খেলোয়াড়দের দিকনির্দেশনা দেয়।”
ধোনির মাঠে না নামার পেছনে মূল কারণ তার চোট। কাফ ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি তিনি। দৌড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকায় মাঠে নামতে দেরি হচ্ছে।
এই প্রসঙ্গে হাসি বলেন, “সে ভালোভাবেই উন্নতি করছে। কবে মাঠে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে খুব শিগগিরই ফিরবে বলে আশা করছি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে তার কোনো সমস্যা নেই, শুধু দৌড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই এখন গুরুত্বপূর্ণ।”
চেন্নাই শিবির এখন ধোনির ফেরার অপেক্ষায়। ভক্তরাও তাকিয়ে আছেন, কবে আবার মাঠে দেখা যাবে তাদের প্রিয় তারকাকে।