নীলফামারীর সৈয়দপুরে সরকারি অনুমতি ছাড়াই বেশ কয়েকটি ছাপাখানা (প্রিন্টিং প্রেস) পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠান কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই।
জানা যায়,শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব ছাপাখানায় নিয়মিতভাবে বই, লিফলেট, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন ধরনের মুদ্রণসামগ্রী তৈরি হচ্ছে। অথচ ছাপাখানা স্থাপনের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার বিধান থাকলেও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অনেকেরই সেই অনুমোদন নেই। সরকারি সেবা সংক্রান্ত তথ্য অনুযায়ী, নতুন ছাপাখানা স্থাপনের অনুমতির জন্য মেশিন ক্রয়ের রসিদ, জায়গা ভাড়া বা অফিস ভাড়ার চুক্তিপত্র ও রসিদ, জাতীয় পরিচয়পত্র এবং ওয়ার্ড কমিশনারের চারিত্রিক সনদসহ নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সে বিধানের কোন তোয়াক্কা করছেন না প্রেস মালিকরা। অনুমোদন ছাড়াই এসব ছাপাখানা চলায় একদিকে যেমন সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, অন্যদিকে মুদ্রণ খাতে নিয়ম-শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়ছে। বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা পরিচালনাকারী ছাপাখানা মালিকদের সঙ্গে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর অসম প্রতিযোগিতারও সৃষ্টি হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, শহরে দীর্ঘদিন ধরে বেশ কিছু ছাপাখানা চালু থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে এসব প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে না। ফলে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সচেতন মহল বলছেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়া বছরের পর বছর চলতে থাকলে সেটি শুধু সংশ্লিষ্ট দপ্তরের তদারকির দুর্বলতাই প্রকাশ করে না, বরং সরকারি রাজস্ব ব্যবস্থাপনাকেও প্রশ্নবিদ্ধ করে। তাদের দাবি, সৈয়দপুরে পরিচালিত সব ছাপাখানার বৈধ কাগজপত্র যাচাই করে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।