জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, এক হাজার সিমকার্ড ও সাতটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা মহল্লার আব্দুল করিমের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে এসব সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।