রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৫ আগস্ট, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৩:৩০ পিএম
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা দেখানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তাঁর দাবি, জিএসের সামগ্রিক ব্যয়ের বক্তব্য বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন। এছাড়াও শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিকেল সেবা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর এবং পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে। পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মুজাহিদ বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ইতোপূর্বেও রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে ছাত্রশিবির।শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, অফিস সম্পাদক শামীম পাটোয়ারী সহ শাখা ও হল শিবিরের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
আপনার জেলার সংবাদ পড়তে