জমি বিরোধে স্কুল মাঠে তারকাঁটার বেড়া, খেলাধুলা ব্যাহত

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৩ পিএম
জমি বিরোধে স্কুল মাঠে তারকাঁটার বেড়া, খেলাধুলা ব্যাহত

জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্ণীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মাঠের ভেতরে তারকাঁটার বেড়া থাকায় দুর্ঘটনার আশঙ্কাও করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় দ্রুত বিরোধ নিষ্পত্তি করে মাঠটি তারকাঁটামুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে মাঠের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা সংকুচিত হয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে এওয়াজ-বদলের মাধ্যমে ১২ শতাংশ জমি নেওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি বিদ্যালয়ের নামে আরও ৫ শতাংশ জমি দান করবেন বলেও সম্মতি দেন। এর বিনিময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে আব্দুল আলীর বাড়ির পাশে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে তৎকালীন বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে প্রতিশ্রুত জমি না পাওয়ায় আব্দুল আলী তার মালিকানাধীন জমির অংশে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দেন। এতে বিদ্যালয়ের খেলার মাঠের আয়তন কমে যায়। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মাঠের ভেতরে তারকাঁটার বেড়া থাকায় অসাবধানতাবশত শিক্ষার্থীরা আহত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, “বিষয়টি নিয়ে শিগগিরই একটি মীমাংসা বৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি, বৈঠকের মাধ্যমে সমস্যাটির সমাধান হবে।” অভিযোগের বিষয়ে আব্দুল আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লক্ষ্ণীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রূ মারমা বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে