নীলফামারীর ডিমলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের ভুয়া সনদ দাবি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরে অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার জ্বালানি তেল পরিমাপে কম দিচ্ছিল। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অপর দিকে বামুনিয়া ডোমার রোডে অবস্থিত ‘আদিল অটো মুড়ির মিল’ তাদের উৎপাদিত মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করে। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারা অনুযায়ী প্রতষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রওশন কবির। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।