মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৩:০২ পিএম
মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং অসচ্ছল মানুষের কর্মসংস্থানের জন্য ৫০টি পায়ে চালিত ভ্যান বিতরণ করা হয়েছে। গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান। বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু দান নয়, মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। পায়ে চালিত ভ্যান পাওয়া অসচ্ছল মানুষগুলো যেন এর মাধ্যমে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারেন-এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “একটি হুইলচেয়ার একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের স্বাধীনতা বাড়াতে পারে। আর একটি ভ্যান একটি পরিবারের জীবিকার অবলম্বন হতে পারে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।” অনুষ্ঠানে বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে