চাঁদপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে অনিয়ম ও ত্রুটির অভিযোগে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই রোডের ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় এবং অসঙ্গতি পাওয়ায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমের ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্তের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।