রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে আটক করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর অপারেশন একটি দল। আটক ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীরপুর গ্রামের আফসার মন্ডলের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন, শিমুল হোসেন হত্যা মামলার প্রাথমিক তদন্তে তার সরাসরি সসম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও শমজান নামের দুই যুবককে চোর সন্দেহে আটক করে একদল লোক। এ সময়ে তাদের ওপর গণপিটুনি চালানো হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন। অভিযুক্ত ইসলাম আলী আটক এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেন তিনি। আটক ইসলাম আলীকে বাঘা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।