আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার(১৮ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জামায়াতের ইউনিট অফিসে এই মতবিনিময় হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর প্রত্যেক সাংবাদিকদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার। মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। এখানেই আমার জন্ম,এখানেই আবার বেড়ে ওঠা। তবে মাঝের কিছুটা সময় আমি পেশাগত কারণে বাইরে অবস্থান করেছি। সামনে পৌরসভা নির্বাচন। আমার দল আমাকে মেয়র পদে সমর্থন দিয়েছে- আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত নই,দুর্নীতিকে প্রশ্রয়ও দেইনা। বিগত দিনে আমি পৌরসভার মেয়র পদে নির্বাচন করে সামান্য ভোট হেরেছিলাম। এই নির্বাচনে জয় লাভ করতে পারলে-আমি ভাঙ্গুড়া পৌরসভাকে মাদক, চাঁদাবাজ,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। ন্যায় ও ইনসাফের সাথে পৌরসভার উন্নয়নে কাজ করবো।
সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র পদ প্রার্থী হাফিজ উদ্দিন বাহার বলেন, আপনারা সাংবাদিক-জাতির দর্পণ। আমার ভালো কাজ নিয়ে যেমন আপনারা লিখবেন-তেমনি আমার ভুলগুলোও ধরিয়ে দেবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম মাজহার নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক, পৌর যুব বিভাগের সেক্রেটারি ডা. আবুল কাশেমসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।