সিলেটের জকিগঞ্জ থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আহাদকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি -৯।
এসআরবি-৯-এর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সিলেটের শাহপরান (রহ.) থানাধীন নয়াগাঁও চৌধুরীপাড়া পরগনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আহাদ জকিগঞ্জ থানার চাঁনপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মানিকের ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানায় দায়ের করা মামলা নং-০৬, জিআর-০৬/১৩, তারিখ ১৭ জানুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দে দণ্ডবিধির ৩৯৫ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।