চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর পরিবেশগত মানবাধিকার ও ভুমি অধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এনএজিআর এনগেজ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন, নাচোল ইউনিয়ন ও নেজামপুর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের স্টেকহোল্ডার গণ অংশগ্রহণ করেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন ও সেবামূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন’ (এনএজিআর এনগেজ)-এর নির্বাহীবোর্ডের সম্মানিত ট্রেজারার হিঙগু মর্মূর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। সংস্থার কমিউনিটি কো-অর্ডিনেটর ফিলিপ হেমব্রম-এর পরিচালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেণ।