জলাবদ্ধতা নিরসনে শহরের ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা না ফেলে পৌরসভাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকার বড় ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হলেও কিছু স্থানে বারবার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ড্রেনের ভেতরে পলিথিন, প্লাস্টিক, পানির বোতলসহ নানা ধরনের অপচনশীল বর্জ্য জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
পৌর প্রশাসক বলেন, শুধু পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ড্রেন পরিষ্কার রাখলেই হবে না। জলাবদ্ধতা নিরসনে শহরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে পারলে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব। তিনি শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ড্রেনে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলবেন না। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন। ড্রেনের পানি চলাচল স্বাভাবিক রাখতে পৌরসভাকে সহযোগিতা করুন।
পৌর প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। সবাই সচেতন হলে সৈয়দপুর শহরের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এদিকে পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে বিভিন্নভাবে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে বর্ষা ও ভারি বৃষ্টির সময় শহরের জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলা আরও সহজ হবে। পরিচ্ছন্ন শহর, সুন্দর শহর এ দায়িত্ব পৌরসভা ও নাগরিক সবার।