রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। সিল্ক সিটি রানার্স কমিউনিটি এ ম্যারাথনের আয়োজন করে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে দৌড় শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে ম্যারাথনটি শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। সিল্ক সিটি হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘সরকারের সহযোগিতায় সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে।’
রাসিক প্রশাসক আরও বলেন, ‘রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ জন রানার এতে অংশগ্রহণ করেন। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা আরও জানান, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফসহ আরও অনেকে।