জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামে আনোয়ার প্রধানের বাড়িতে ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে জানালা ভেঙে ঘরে ঢ়ুকে সোনার গহনা ও কাঁসার আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। আনোয়ার প্রধান ওই গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর প্রথম দফায় বাড়িটি থেকে ১২ আনা ওজনের সোনার হাতের চুড়ি ও কানের ঝুমকা চুরি হয়। এর ১৭ দিনের মাথায় দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় প্রেসার কুকার ও কাঁসার বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। শনিবার সকালে আনোয়ার প্রধানের স্ত্রী রেশমা আক্তার ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তাঁর চিৎকারে বিষয়টি জানাজানি হয়।
রেশমা আক্তার বলেন, রাতে আমি ও আমার স্বামী গরুর ঘরের পাশে ঘুমিয়ে থাকি। ওই ঘরে কেউ থাকি না। এ সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢ়ুকে মালামাল চুরি করে পালিয়ে যায়।
আনোয়ার প্রধান জানান, গরু কেনার উদ্দেশ্যে তিনি কয়েকটি হাট ঘুরে দেখেছেন। তাঁর ধারণা, গরু কেনার জন্য টাকা রাখা হয়েছে , এমন ধারণা থেকে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। পরপর দুই দফায় চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যাওয়ার কথা জানিয়েছে পরিবারটি। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আমি মন্ত্রী মহোদয়ের প্রটোকলে আছি। চুরি-সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।