নিয়ম ভেঙে আইসিসি থেকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
নিয়ম ভেঙে আইসিসি থেকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

আবুধাবি টেস্টে দুর্দান্ত খেলে ড্র করেছে আফগানিস্তান। দলের এমন পারফরম্যান্সের পর দুঃসংবাদ পেয়েছেন দলটির ক্রিকেটার আফসার জাজাই। আচরণবিধি ভাঙায় এই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আইসিসি আচরণবিধির ২.৪ ধারা ভাঙেন আফসার। যেখানে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার কথা বলা হয়েছে। ম্যাচে আফগানদের একাদশে ছিলেন না আফসার। তবে দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করার সময় এই ক্রিকেটার নিয়ম ভাঙেন। ফলে শাস্তি হিসেবে আফসার জাজাইকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে চার বা এর অধিক ডিমেরিট পয়েন্ট পেলে খেলোয়াড়েরা ম্যাচ থেকে নিষিদ্ধ হন। মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা বন্ধ করতে তাকে একাধিকবার নির্দেশ দেন আম্পায়াররা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন আফসার। এরপর ইনিংসের ১৩৯তম ওভারে অন-ফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া আবারও মাঠে ঢ়ুকে যান এই ক্রিকেটার। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আফসার জাজাই। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধির প্রথম স্তরের অপরাধে ন্যূনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।