নান্দনিক সাজসজ্জা, প্রতিমার বৈচিত্র্য ও শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে হরিজন কলোনির শ্রী শ্রী শিব মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন ভক্তরা। সৈয়দপুর শহরের রসুলপুর হরিজন কলোনিতে শ্রী শ্রী সনাতন ধর্ম সংঘ কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্যমতে, এবার এ মন্দিরে ২৩তম দুর্গাপূজা উদ্যাপন করা হচ্ছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে পূজার আনুষ্ঠানিকতা। মন্দির কমিটির সভাপতি শ্রী বিজলী রাম বলেন, এবার আমাদের মন্দিরে ২৩তম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর পরিবেশে এবং সরকারি নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন করা হচ্ছে। মন্দিরের প্রতিমায় দেবী দুর্গার সঙ্গে অসুর, গণেশ, লক্ষ্ণী, কার্তিক, সরস্বতী ও শিবের উপস্থিতিতে ফুটিয়ে তোলা হয়েছে ধর্মীয় আবহ। প্রতিমার নান্দনিক উপস্থাপন ও সাজসজ্জা পূজামণ্ডপের সৌন্দর্য বাড়িয়েছে। কমিটির সহসভাপতি শ্রী জয়লাল রাম, সাংগঠনিক সম্পাদক শ্রী নরেশ রাম, সহসাধারণ সম্পাদক শ্রী মন্তোজ রাম, সাধারণ সম্পাদক শ্রী জয়লাল গোপাল, অর্থ সম্পাদক শ্রী রমেশ রাম ও সহ-অর্থ সম্পাদক শ্রী বিদেশী রাম জানান, অষ্টমীর আনুষ্ঠানিকতা শেষে আজ মহা নবমী পালিত হচ্ছে। আগামীকাল মহা দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।এবার সৈয়দপুর উপজেলায় ৮৮ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসব।