দুর্গাপূজায় হিলি সীমান্তে যাত্রী পারাপার বেড়েছে পাঁচ গুণ

আত্মীয়তার টানে ভারতমুখী বাংলাদেশিরা, উৎসবের আমেজ ইমিগ্রেশনে

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ পিএম
আত্মীয়তার টানে ভারতমুখী বাংলাদেশিরা, উৎসবের আমেজ ইমিগ্রেশনে

শারদীয় দুর্গোৎসব ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে বেড়েছে যাত্রীদের ভিড়। দুই বাংলার আত্মীয়স্বজনের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন অনেকে। একইভাবে ভারত থেকেও বাংলাদেশে আসছেন যাত্রীরা। দুই দেশের মানুষের মিলনমেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে হিলি সীমান্তে।

সোমবার (১৯ অক্টোবর) হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় গিয়ে দেখা যায়, ভারতে যাতায়াতের জন্য পাসপোর্টধারী যাত্রীদের ভিড়। কেউ যাচ্ছেন আত্মীয়ের বাড়িতে, কেউবা পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে সময় কাটাতে। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় অনেকের ভারতযাত্রার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়ায় হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমে যায়। পরবর্তী সময়ে পর্যটন ভিসা চালু হওয়ায় যাত্রী চলাচলে আবারও গতি ফিরেছে। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াত বেড়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আগে এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৫০০ জনেরও বেশি হয়েছে। যাত্রীদের চাপ সামলাতে ইমিগ্রেশনে প্রয়োজনীয় জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, দুই বাংলার মানুষের আত্মীয়তা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষও। সীমান্তের দুই পাশে থাকা স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানুষের এই যাতায়াত হিলি চেকপোস্টে ফিরিয়ে এনেছে প্রাণচাঞ্চল্য।

আপনার জেলার সংবাদ পড়তে