‘মাদকের আগ্রাসন প্রতিরোধ ও সমাধান,পরিবার,সমাজ ও দেশ বাঁচাতে মাদককে রুখতে হবে’ এ শ্লোগানে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ও আইনগত পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমআ রামচন্দ্রপুর জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আমিনুল ইসলাম স্বাধীনের সভাপতিত্বে ও কাজী আব্দুল মতিনের সঞ্চলনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম,শহিদুল ইসলাম মাস্টার,আলহাজ্ব সিদ্দিকুর রহমান,মহাসিন আলম মাস্টার,শাহ আলম মাস্টার,শুকুর আলী,সাইফুউদ্দিন,শাহিনুল ইসলাম মিঠু,শাহিন মাস্টার প্রমুখ। বক্তারা এলাকায় মাদক ব্যবসা,মাদক সেবন,চুরি,চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এ জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।