তরৃণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন,আলোচনা সভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুরসালিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সদস্য ও উপদেষ্টামন্ডলীর সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল তরুণরা কেন মাদক গ্রহন করছে এবং এর প্রতিকার।সভায় বক্তারা বলেন,মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।অসৎ সঙ্গ,পারিবারিক অসচেতনতা, হতাশা ও সামাজিক অবক্ষয়সহ নানা কারণে তরুণরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে।মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের শান্তি-শৃংখলাও নষ্ট করে।তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।এ সময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, নৈতিক শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে তরুণ সমাজের কল্যাণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।পরে সংগঠনের সদস্যরা এলাকার সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় মাদক থেকে দূরে থাকা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন,ইয়াংস্টার হেল্পিং সোসাইটির মতো স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।