রাজশাহীতে ১২০ জনকে স্বকর্মসংস্থানের সরঞ্জাম দিল রাসিক

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম
রাজশাহীতে ১২০ জনকে স্বকর্মসংস্থানের সরঞ্জাম দিল রাসিক

রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ১২০ জন নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা (এলএসইউপিসি) প্রকল্পের আওতায় বিতরণ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৩১টি কম্পিউটার, ৩৭টি সেলাই মেশিন ও ৫২টি বিজনেস কার্ট। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) ও রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসব সরঞ্জাম দেওয়া হয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে সম্মিলিতভাবে কাজ করা হবে।

তিনি বলেন, শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

রাসিক প্রশাসক বলেন, ইউএনডিপি ও সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি। এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, সিডিসির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তাঁরা বলেন, এসব সরঞ্জাম তাঁদের আয়-রোজগারের সুযোগ তৈরি করবে এবং জীবিকা নির্বাহে সহায়তা করবে। এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব হবে। সহায়তা পাওয়ায় তাঁরা রাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গত এক বছরে নগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে