এক সপ্তাহেই ৪.১৭ মিলিয়ন, বিটিএসের ‘আরিরাং’ ভাঙল সব রেকর্ড

এফএনএস বিনোদন
| আপডেট: ৩০ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম
এক সপ্তাহেই ৪.১৭ মিলিয়ন, বিটিএসের ‘আরিরাং’ ভাঙল সব রেকর্ড

দীর্ঘ বিরতির পর ফিরে এসে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড BTS। তাদের পঞ্চম অ্যালবাম ‘আরিরাং’ মুক্তির প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে ৪ দশমিক ১৭ মিলিয়ন কপি, যা ব্যান্ডটির ক্যারিয়ারের নতুন রেকর্ড। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০ মার্চ প্রকাশিত এই অ্যালবামটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে সাড়া ফেলে। মাত্র ১০ মিনিটের মধ্যেই এটি মিলিয়ন ক্লাবে প্রবেশ করে। প্রথম দিনেই বিক্রি হয় প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি, যা ২০২৬ সালে কোনো অ্যালবামের একদিনের সর্বোচ্চ বিক্রির রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২০ সালে প্রকাশিত ‘ম্যাপ অব দ্য সোউল: ৭’ প্রথম সপ্তাহে ৩ দশমিক ৩৭ মিলিয়ন কপি বিক্রি করে ব্যান্ডটির সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। নতুন অ্যালবাম ‘আরিরাং’ সেই রেকর্ড ভেঙে আরও একধাপ এগিয়ে গেল।

অ্যালবামটি শুধু বিক্রিতেই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপট দেখাচ্ছে। অ্যাপল মিউজিকে এটি ১১৫টি দেশ ও অঞ্চলে শীর্ষ অবস্থানে রয়েছে। পাশাপাশি লিড সিঙ্গেল ‘সুইম’ ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ছয় দিন স্পটিফাইয়ের বৈশ্বিক চার্টের শীর্ষে ছিল।

প্রায় চার বছরের বিরতির পর এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অ্যালবাম প্রকাশের দিনই সিউলের গুয়াংঘওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত কনসার্টে প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক সরাসরি অংশ নেন। এছাড়া নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অ্যালবামটির নাম নেওয়া হয়েছে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীত ‘আরিরাং’ থেকে। আধুনিক সুরের সঙ্গে শিকড়ের সংযোগ ঘটিয়ে সাজানো ১৪টি গানের এই অ্যালবাম প্রকাশের আগেই তৈরি করে আগ্রহের নতুন মাত্রা। স্পটিফাইয়ের তথ্য অনুযায়ী, মুক্তির আগে ৫০ লাখের বেশি প্রি-সেভ হয়েছে, যা কে-পপে একটি অনন্য নজির।

ব্যান্ড সদস্য জিমিন বলেন, “আমরা নিজেদের পরিচয় নিয়ে গভীরভাবে ভেবেছি। কিভাবে আমাদের সংগীতে সেই পরিচয়কে সবচেয়ে সত্যভাবে তুলে ধরা যায়, সেটাই ছিল লক্ষ্য।”

সংশ্লিষ্টদের মতে, বিশাল এই প্রত্যাবর্তনের অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে ৮২টি শোর বিশ্ব সফর, যা নেটফ্লিক্স সরাসরি সম্প্রচার করবে। এটি প্ল্যাটফর্মটির ইতিহাসের সবচেয়ে বড় লাইভ মিউজিক আয়োজন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সংগীত বিশ্লেষকদের মতে, ‘আরিরাং’ অ্যালবামটি বিটিএসের শিকড়ের প্রতি শ্রদ্ধা ও বৈশ্বিক সাউন্ডের মিশেলে এক অনন্য উদাহরণ। এর মাধ্যমে আবারও প্রমাণ হলো, আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তাদের প্রভাব কতটা গভীর।