নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, “ লাইভটা একটা ওয়ান টাইম গেম। জীবন একটাই। এই এক জীবনে এমন কোন ভূল করা যাবেনা, যেটা তুমি আর কখনো শোধরাতে পারবা না। টিন এজের মোহে পড়ে ভূল করে বসলে সমাজে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে হবে। জীবনের শুরুতে ভূল করলে পৃথিবীটা মনে হয় অনেক রঙিন। কিন্তু অল্প দিন পরই শুরু হয় এর খারাপ প্রভাব। সমাজের মানুষের কাছে অপরাধী হতে হয়। মামলা মোকদ্দমা, হাসপাতাল, জেলখানা, আদালত পাড়ায় ঘুরতে হয়। সবার চোখে ছোট হয়ে থাকতে হয়। কিন্তু হবার কথা ছিল উজ্জল ভবিষ্যত। সুতরাং আর নয় অবহেলা। এখনই সচেতন হতে হবে। টিন এইজে কোন ভূল পথে যাত্রা নয় আর।”
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলা সদরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্য বিবাহ এবং সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে এক আবেগঘন মতবিনিময় সভায় পুলিশ সুপার কথাগুলো বলেন। দীর্ঘ প্রায় দু’ঘন্টার মত বিনিময়ের সময় তিনি এসব বিষয়ে শিক্ষার্থীদের মতামত মনোযোগ দিয়ে শোনেন। প্রতিটি বিষয়ে তথ্য উপাত্ত ও যুক্তি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনায় যোগ্য হয়ে গড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করে সব রকম অনিয়ম আর অপরাধ থেকে বেঁচে থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দানকালে মহাদেবপুর ইউএনও মো: আরিফুজ্জামান বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম থেকে দূরে রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেতনভাবে কাজ করতে হবে।
অন্যদের মধ্যে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভিন এতে সভাপতিত্ব করেন।
এরআগে পুলিশ সুপার বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছলে শিক্ষার্থীরা তাকে ফুলেল শ্রদ্ধা জানান। পুলিশ সুপার তাদের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাঁকে কবিতা পাঠ করে শোনান।