শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঢালীবাড়ী মোড় নামক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে তালাবদ্ধ অবস্থায় একটি ট্রাংকের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ গাড়ি থেকে রাস্তার পাশে বাসা-বাড়িতে ব্যবহৃত একটি তালাবদ্ধ ট্রাংক ফেলে রেখে যায়। এভাবে ট্রাংকটি ফেলে রেখে যাওয়ায় এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা ট্রংকটির কাছে গেলে কিছুটা দূর্গন্ধ অনুভব করায় শ্রীবরদী থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাংকটির তালা ভেঙে বস্তায় কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পান। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।