বরিশালে লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:০৫ পিএম
বরিশালে লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

বরিশালের চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলে আসা যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনায় সময় কোনো যাত্রী বা সংশ্ল্লিষ্ট লঞ্চের স্টাফরা ভেতরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা ও লঞ্চ স্টাফরা জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় তিনশ’ যাত্রী নিয়ে চরমোনাইর বাৎসরিক মাহফিলে আসা এমভি মানিক-৪ নামের লঞ্চটি মঙ্গলবার দিবাগত রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় বালুর বস্তার ওপর উঠে যায়। পরে বুধবার দুপুর দেড়টার দিকে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে থাকে। একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে উল্টে পরে কীর্তনখোলা নদীতে ডুবে যায়। এসময় লঞ্চে আসা মুসুল্লীরা চরমোনাইর মাহফিল ময়দানে ও স্টাফরা লঞ্চের মধ্যে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কেএম শরিয়াতুল্লাহ বলেন, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, লঞ্চ ডুবির ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি। তবে মাহফিলে আসা মুসল্লীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে