তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এপ্রিল মাসে নতুন মূল্য নির্ধারণ করা হবে আজ বৃহস্পতিবার। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে সবশেষ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সদ্য বিদায়ী মার্চেও এলপিজির এই দর অপরিবর্তিত ছিল। এ ক্ষেত্রে প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ৭৪ পয়সা ধরে বাজারে থাকা বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।