রামেক হাসপাতালে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪০ শিশু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ পিএম | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ পিএম
রামেক হাসপাতালে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪০ শিশু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে রামেকে এ পর্যন্ত ভর্তি আছে মোট ৩৪০ জন শিশু। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। রামেক মুখপাত্র বলেন, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে একজন শিশু। হাম সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ১৩২ জন। হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন শিশু। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চারজন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা ৩৪০ জন। তিনি বলেন, পূর্বের চেয়ে বৃহস্পতিবার রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইসিইউতে ১২ বেডের জায়গায় আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। এখন শিশু আইসিইউয়ের বেড সংখ্যা মোট ১৮। যার মধ্যে ১২টি হাম আক্রান্ত শিশু রোগীদের জন্য এবং বাকি ৬টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীর (Non-measles) জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া রামেকের আইসিইউ বেডের চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁশ শিশুর মৃত্যু হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে