পিতার হাতে শিশুপুত্র খুন, ঘাতকসহ গ্রেপ্তার ২

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৩:৩৩ পিএম
পিতার হাতে শিশুপুত্র খুন, ঘাতকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ত্রিশালে নিজ সন্তানকে শশুরবাড়ি থেকে নিয়ে এসে শ্বসরোধে নির্মমভাবে হত্যা করেছে এক পাষণ্ড পিতা। এ ঘটনায় ঘাতক পিতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকার মৃত হারিস ডাকাতের ছেলে সোহাগ মিয়া প্রায় ৬ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে একই এলাকার লামিয়া আক্তারকে তৃতীয় বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান লাবিব (৩)। তবে পারিবারিক কলহের কারণে লামিয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত বুধবার দুপুরে সোহাগ মিয়া শশুরবাড়ি থেকে ছেলে লাবিবকে পিত্রালয়ে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে আসে। সন্ধ্যার আগেই ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও সে তা করেনি। পরে সন্ধ্যা ৭টার দিকে রায়েরগ্রাম এলাকার একটি কাঁচা রাস্তার পাশে স্থানীয়রা এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরে শিশুটির পরিচয় শনাক্ত করে সে লাবিব। স্থানীয়রা জানান, অভিযুক্ত সোহাগ মিয়া এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ একাধিক টিম গঠন করে অভিযান শুরু করে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেছে যে, পূর্বপরিকল্পিতভাবে সে নিজ সন্তানকে গলা টিপে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে