সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৩:৫৭ পিএম
সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিক ও শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হুমায়ূন আহমেদ, যিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে সিলেটের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম-এর সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। উল্লেখ্য, এর আগে পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়। এতে জনজীবনে অচলাবস্থার আশঙ্কা তৈরি হলেও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে