ভ্যান পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন মনির হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মানবিক সহায়তা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০২:০৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মানবিক সহায়তা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিআদি গ্রামের ভ্যানচালক মনির হোসেনের চুরি হওয়া একমাত্র জীবিকার মাধ্যম ভ্যানটি ফিরে না পেলেও, মানবিক সহায়তায় নতুন ভ্যান পেয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। এবার তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা। জানা যায়, গেল ২৮ রমজান মনির হোসেনের একমাত্র আয়ের উৎস ভ্যানটি চুরি হয়ে গেলে তিনি হঠাৎ করেই অসহায় ও নিঃস্ব হয়ে পড়েন। পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েন এই ভ্যানচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মনির হোসেন। এমন সংকটময় মুহূর্তে বিষয়টি নজরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের। পরবর্তীতে ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে নেতৃবৃন্দ মনির হোসেনকে একটি নতুন ভ্যান কিনে দেন। এতে করে নতুন করে জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে স্বস্তি ফিরে পান তিনি। সহায়তা পেয়ে আবেগাপ্লুত মনির হোসেন বলেন, আমি যখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলাম, তখন আল্লাহর রহমতে জামায়াতের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতা আমি কখনো ভুলবো না। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, ওয়ার্ড সম্পাদক আবুল কালাম আজাদ, জসীম উদ্দিন, যুব নেতা আশিকুর রহমান, ইমরান হোসেন, মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী শামসুল হক, দুলাল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।